ভূঞাপুরে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চরগাবসারা দাখিল মাদ্রাসার ৫৪ জন শিক্ষার্থীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে এই টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ওই মাদরাসার সুপার আব্দুর রউফের বিরুদ্ধে।

জানা যায়, চলতি বছর ওই মাদ্রাসা থেকে মোট ৫৪ জন শিক্ষার্থী ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে নিয়মিত ৩২ জন শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ ৩ হাজার ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। অনিয়মিতদের কাছ থেকে সরকার নির্ধারিত ৬৮৫ টাকা নেয়ার কথা থাকলেও ১ থেকে দেড় হাজার টাকা আদায় করছেন তারা। অথচ সরকার নির্ধারিত ফি অনুযায়ী মোট ২৩৬০ টাকা নেওয়ার নিয়ম রয়েছে। এর মধ্যে বোর্ড ফি ১৯২৫, কেন্দ্র ফি ৪১০ এবং আইসিটি বিষয় ফি ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকরা দ্রুত বিষয়টি তদন্ত করে অতিরিক্ত টাকা আদায় বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, নিয়মিত ৩২ জনসহ মোট ৫৪ জন শিক্ষার্থীর কাছ থেকেই উল্লিখিত অঙ্কের টাকা নিয়েছেন শিক্ষকরা। কিন্তু তাদের কোনো রশিদ না দিয়ে পরে সবার রশিদ একসঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়।

মাহমুদা সুলতানা নামের এক পরীক্ষার্থীর বাবা শহিদুল ইসলাম বলেন, আমরা খুবই গরিব মানুষ। মেয়ের পরীক্ষার ফরম পূরণের জন্য ৩ হাজার ৫০০ টাকা ধার্য্য করেছে মাদ্রাসা সুপার। আমি ৩ হাজার ৫০০ টাকা দিয়েছি। সরকার নির্ধারিত টাকার থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে তারা। প্রতিবাদ করার যেন কেউ নেই।

অভিযোগের বিষয়ে মাদ্রাসা সুপার আব্দুর রউফ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ স্বীকার বলেন, ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা নেয়ার অনুমোদন রয়েছে। যাতায়াত খরচ এডমিট খরচের জন্য আমরা অতিরিক্ত টাকা নিচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, সরকার নির্ধারিত ফি ব্যতীত শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত একটি টাকাও নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত