ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট এবং মন্তব্যকারী শেখ ইমরানুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ব্রাহ্মণবাড়িয়া।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শেখ এমরানুল ইসলাম বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের শেখ আমিনুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি নাশকতার মামলা ও এজহারনামীয় আসামি বলে উল্লেখ রয়েছে। শেখ ইমরান বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
