শেষ বাঁশি বাজার পর কোনো অশ্রু নয়—মুখে শুধু একচিলতে হাসি। কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে ছিল গভীর হতাশা। আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালে আবারও থেমে গেল মিসরের স্বপ্ন, আর আবারও বাধা হয়ে দাঁড়াল সেনেগাল ও সাদিও মানে। মরক্কোর তাঞ্জিয়ারে সেই পরাজয়ের পর মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহর সামনে এখন বড় প্রশ্ন—এরপর কী?
আফকনে শুরু থেকে শেষ পর্যন্ত দলের ভরসা ছিলেন সালাহ। পাঁচ ম্যাচে চার গোল করে ৩৩ বছর বয়সী এই তারকা মিসরকে টেনে তুলেছিলেন শেষ চারে। কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টকে হারানোর পর তিনি এটিকে নিজের ‘সেরা ক্যাম্প’ বলেও উল্লেখ করেছিলেন, ‘আমরা সবাই খুব কাছের। একে অন্যকে ভালোবাসি, একসঙ্গে সময় কাটাই, মাঠের ভেতরে-বাইরে কঠোর পরিশ্রম করি।’
এরপরও ট্রফি অধরাই রইল। ২০১০ সালের পর আফকন জেতেনি মিসর, আর সালাহর ক্যারিয়ারের শূন্যতাও সেই একই জায়গায়। নাইজেরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শেষে সালাহর ফেরার কথা ইংল্যান্ডে। তবে মার্সিসাইডে ফেরার পরও তার ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশা কাটেনি। কারণ, চ্যাম্পিয়নস লিগে পিএসভির বিপক্ষে ২৬ নভেম্বরের পর আর লিভারপুলের শুরুর একাদশে দেখা যায়নি তাকে।
ফিফার নিয়ম অনুযায়ী, জাতীয় দলের শেষ ম্যাচের পরদিন সকাল পর্যন্ত খেলোয়াড়দের জাতীয় দলের সঙ্গেই থাকতে হয়। ফলে বার্নলির বিপক্ষে শনিবারের ম্যাচে সালাহকে পাবে না লিভারপুল। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে দলে ফিরতে পারেন তিনি। ইনজুরিতে স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ও ডিফেন্ডার কনর ব্র্যাডলি ছিটকে যাওয়ায় সালাহর ফেরাটা লিভারপুলের জন্য সময়োপযোগী বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আফকন সেমিফাইনালের আগে সালাহ বলেছিলেন, ‘এই শিরোপা জিততে আমার চেয়ে বেশি কেউ চায় না। আমি ফুটবলে সব জিতেছি, শুধু এটিই বাকি।’ শেষ পর্যন্ত এবারও জেতা হলো না। ২০২৭ সালে কেনিয়া, উগান্ডা ও তানজানিয়ায় হবে পরের আফকন। তখন সালাহর বয়স হবে ৩৫। একই সময়ে শেষ হবে তার বর্তমান লিভারপুল চুক্তিও। ফিটনেসে এখনও শীর্ষে থাকলেও সময় যে দ্রুতই ফুরোচ্ছে।
এরপর কী? লিভারপুলেই থাকবেন, নাকি সাদিও মানের মতো সৌদি আরবে নতুন চ্যালেঞ্জ নেবেন—এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, বেঞ্চে বসে থাকার জন্য তৈরি নন মোহাম্মদ সালাহ। মরক্কোর হতাশা পেছনে ফেলে এখন তিনি তাকিয়ে আছেন সামনে—কিন্তু সেই পথ যে সহজ নয়, সেটাই আবারও প্রমাণ হলো।
কঠিন পরীক্ষায় উতরে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
২৩ বছরের দিলপ্রীতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা