আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে ৫৬ জন নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন মিশন। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ইইউইওএমের প্রেস অফিসার সহকারী সাদিয়া সিদ্দিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পর্যবেক্ষক মোতায়ানের বিষয়ে জানানো হয়।
পর্যবেক্ষক মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা আমাদের মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ এবং অন্তর্দৃষ্টি নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি বলেন, আমাদের পর্যবেক্ষকরা দুইজনের এক-একটি দল হয়ে কাজ করবেন এবং তাদের পর্যবেক্ষণ এলাকায় ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি নাগরিক পর্যবেক্ষক ও তরুণ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা শুধু শহরেই নয়, ছোট শহর ও গ্রামাঞ্চলেও এসব কার্যক্রম পরিচালনা করবেন।
ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের মধ্যে কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আগত পর্যবেক্ষকরা রয়েছেন। তাদের মাঠ পর্যায়ে মোতায়েনের আগে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পরিবেশ, আইনি কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক প্রেক্ষাপট সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ কর্তৃপক্ষের আমন্ত্রণে এই মিশনের নেতৃত্বে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস, যিনি গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মিশনের কার্যক্রম শুরু করেন।
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই মিশনটিকে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরা যোগ দেবে। এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের একটি প্রতিনিধি দল যুক্ত হয়ে এই মিশনের কার্যক্ষমতা আরও বৃদ্ধি করবে। সর্বো মোট ২০০ জন পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
