আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের পদক্ষেপকে ‘সমানুপাতিক’ বললেন ইইউ রাষ্ট্রদূত

আওয়ামী লীগ সরকারের আমলে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানুপাতিক বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তার মতে, রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার থাকলেও জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সংঘাত উসকে দেওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সাম্প্রতিক সংঘাত এবং সরকারের প্রতিক্রিয়া প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, বাংলাদেশ বর্তমানে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ইইউ বরাবরই প্রতিক্রিয়ার ক্ষেত্রে সমানুপাতিক নীতি অনুসরণের বিষয়টি গুরুত্ব দিয়ে আসছে। তার মূল্যায়নে, সাম্প্রতিক ঘটনায় সরকারের প্রতিক্রিয়া সেই সীমার মধ্যেই ছিল।

গণতান্ত্রিক পরিবেশে ভিন্নমত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, মতপ্রকাশ ও সমাবেশের অধিকার গণতান্ত্রিক সমাজের অপরিহার্য অংশ। তবে কোনো ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড যখন বেআইনি হয়ে ওঠে, জনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে কিংবা সংঘাতকে উৎসাহিত করে, তখন তা গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল। এ কারণে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে সংস্থাটির অবস্থান রয়েছে। তবে সহিংসতা, ঘৃণা ছড়ানো কিংবা সংঘাত উসকে দেওয়ার ক্ষেত্রে কোনো সমর্থন নেই।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, রাজনৈতিক রূপান্তর সহজ বা স্বল্পমেয়াদি কোনো প্রক্রিয়া নয়। ইউরোপের বিভিন্ন দেশকেও এ ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে দীর্ঘ সময়ের পাশাপাশি দৃঢ় অবস্থান ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচনের পর থেকেই সরকারের সঙ্গে ইইউ ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। একই সঙ্গে জাতীয় সংসদে নির্বাচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে বৃহত্তর ঐকমত্য গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার ওপর তাঁর আস্থা রয়েছে। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং এ বিষয়ে বিভিন্ন মহলের বিপরীতমুখী বক্তব্যের প্রসঙ্গও ওঠে। দলটির কার্যক্রম নিয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে সংস্থাটির কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তার বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচনা করার অনুরোধ জানান তিনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া পদক্ষেপগুলো এখনো কার্যকর রয়েছে বলে ইইউ অবগত।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে ইইউর প্রত্যাশা তুলে ধরে মাইকেল মিলার বলেন, সংস্থাটি একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। এ লক্ষ্য অর্জনে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রাখা প্রয়োজন। পাশাপাশি সংঘাত থেকে সরে এসে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁর মতে, গণতন্ত্রের পরিধি কেবল নির্বাচন কিংবা সংসদে সীমাবদ্ধ নয়; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জনগণের আস্থাও এর গুরুত্বপূর্ণ ভিত্তি।

তিনি আরও বলেন, বিগত শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নাগরিকদের যে বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক থাকার কথা, তা অনেকটাই হারিয়ে গিয়েছিল। ফলে প্রতিষ্ঠানগুলো কার্যত জনগণের আস্থার জায়গা হারায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত