বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেছেন, আমরা চাই বাংলাদেশ পূর্ণ মর্যাদা নিয়ে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াক। সে লক্ষ্যেই আসন্ন গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোট দিতে চাই। কারণ, ‘হ্যাঁ’ ভোট দিলে আর কোনো দিন কোনো স্বৈরশাসক ক্ষমতায় আসতে পারবে না এবং একাত্তরের পরাজিত শক্তিরাও আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।
শনিবার (১৭ জানুয়ারি) মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একাত্তরের ঘাতক ও পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। যারা আগে ভোট দিতে পারেননি, তাদেরও এবারের গণভোটে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে হবে।
মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মহসীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অনিল বরন রায় এবং মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবুর রহমান।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য সচিব আব্দুল মোতালিব খাঁন পটু।
সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র রক্ষা এবং দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
