চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি। সংগঠনের উদ্যোগে উপজেলার চারটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস জোন সোসাইটির একঝাঁক উদ্যমী ও ত্যাগী সংগঠক মো. নিরব হোসেন, মো. ফয়সাল আহমেদ, লিখন ঘোষ, ফয়সাল খান, মো. হাসান, উদয় হোসেন, আনিকা আক্তার, রোজিনা আক্তার ও বর্ষা ইসলাম। এছাড়াও সংগঠনের উপদেষ্টামণ্ডলী, সুধীজন, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শীত মৌসুমে এতিম শিশুদের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারা আরও বলেন, ফ্রেন্ডস জোন সোসাইটি প্রতি বছরই বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণের পূর্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রবিউল ইসলাম।
