সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। দাবি পূরণের আশ্বাসে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।
আজ রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির এই তথ্য জানান।
তিনি জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যদের ডিউটি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা মোট ৮টি দাবি ও প্রস্তাব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন। যা বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
তবে মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে ইন্টার্ন চিকিৎসকরা আজই কাজে যোগ না দিয়ে আগামীকাল (সোমবার) সকাল ৮টা থেকে নিয়মিত দায়িত্ব পালন শুরু করবেন বলেও জানান তিনি।
