সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল দুই পোড়া লাশ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

সাভারে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে ফের দুই পোড়া লাশের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ওই দুই মরদেহের একটি ছেলে শিশুর ও অপরটি বেশি পুড়ে যাওয়ায় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই মরদেহের সন্ধান পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পুড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুইটি পুড়ে যাওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। পুলিশের গোয়েন্দা সংস্থাকে খবর দেওয়া হয়েছে।

 এর আগে, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপরে ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ ডিসেম্বর দুপুরে একই কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এই তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত