জলাবদ্ধতা নিরসনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়ের বাজারের ভিউসি মোড় থেকে বায়তুল আতিক মসজিদ হয়ে ধানমহল পর্যন্ত প্রায় ৮০০ মিটার ড্রেন স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছে 'স্বপ্নের আঠারবাড়ি' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গতকাল শনিবার ও রবিবার (১৮ জানুয়ারি) টানা দুইদিন ধরে সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের ১০-১২ জনের একদল তরুণ দীর্ঘদিনের ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করা হয়েছে। এতে তিন ফুটের বেশি গভীর ময়লার ড্রেনেও নামতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। দীর্ঘদিন পরে ড্রেনের ময়লা পরিষ্কার হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা, মসজিদের মুসল্লি ও বাজারের ব্যবসায়ীরা।
বায়তুল আতিক মসজিদের মুসল্লি মাওলানা হাবিবুর রহমান বলেন, 'সারা বারো মাস বায়তুল আতিক মসজিদের সামনে ময়লা পানি জমে থাকে। রাস্তায় যানবাহন চলাকালে প্রায় সময়ই নাপাক পানির ছিটা শরীরে ও জামাকাপড়ে পড়ে। এতে অযু নষ্ট হয়ে যায়। তবে এবার 'স্বপ্নের আঠারবাড়ি' সংগঠনের স্বেচ্ছাসেবকরা দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খুব ভালো কাজ করেছে। মহান আল্লাহ পাক তাদের উত্তম বদলা দান করুন।
স্বেচ্ছাসেবকরা জানান, দীর্ঘদিনের জমে থাকা ড্রেনের ময়লা-আবর্জনা বস্তায় ভরে ভ্যানে করে বাজার থেকে দূরে নির্দিষ্ট স্থানে নিয়ে ফেলছেন। দীর্ঘদিন পরে বাজার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা।
পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়ে স্বপ্নের আঠারবাড়ি সংগঠনের স্বেচ্ছাসেবক আরিফ হাসান, ইমরান তুষার, মেহেদি হাসান রকি, জুয়েল রানা ও মো. সাকিব মিয়া জানান, ‘দীর্ঘদিন ধরে ড্রেনের ময়লা আবর্জনা পরিষ্কার না কারণে সারাবছর নোংরা পরিবেশে মানুষ চলাচল করে। বর্ষাকালে হাঁটু পরিমাণ পানি জমে রাস্তায়। শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে অনেক কষ্ট হয়। দীর্ঘদিন পরে হলেও আমাদের স্বপ্নের আঠারবাড়ি সংগঠনের স্বেচ্ছাসেবকরা মিলে ময়লা-আবর্জনা পরিষ্কার শুরু করেছি। সবাই স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। এর ফলে আঠারবাড়ি রায়ের বাজার আরও নান্দনিক হবে। তবে এতো বড় বাজারের সকল ড্রেন আমাদের একার পক্ষে হয়তো পরিষ্কার করা সম্ভব হবে না। আমরা উপজেলা প্রশাসন, বাজার কমিটি ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যৌথ প্রচেষ্টায় যদি কাজ করি তাহলে একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে পারবো। তাই সকলের দৃষ্টিআকর্ষন করছি।’
নেত্রকোনায় ইউএনওকে শাসালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল