বাঁশখালী

লবণের ন্যায্যমূল্য চেয়ে বিদেশ থেকে আমদানি বন্ধের দাবি

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

লবণের ন্যায্যমূল্যের দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, চামড়া শিল্পের মতো দেশের লবণ শিল্প ধ্বংসের যে চক্রান্ত চলছে, তা কোনোভাবেই মেনে নেয়া হবে না।

তিনি বলেন, দেশের প্রায় ৪০ হাজার মানুষ লবণ শিল্পের সঙ্গে জড়িত। কিন্তু একটি শক্তিশালী সিন্ডিকেট বারবার প্রান্তিক লবণচাষীদের পেটে লাথি মারছে। লবণ শ্রমিকরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পাচ্ছে না। দেশীয় উৎপাদনেই ২৪ লাখ মেট্রিক টন লবণের চাহিদা পূরণ সম্ভব হলেও অসৎ উদ্দেশ্যে বারবার লবণ আমদানির পাঁয়তারা করা হয়। চামড়া শিল্পের মতো লবণ শিল্প ধ্বংসের এই অপচেষ্টা আমরা কেউ মেনে নেবো না।

তিনি আরও বলেন, দেশের মোট লবণের চাহিদার ১৫ শতাংশ বাঁশখালীতে এবং বাকি ৮৫ শতাংশ কক্সবাজারে উৎপাদিত হয়। তাই সরকারকে অবশ্যই লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে এবং আমদানির ষড়যন্ত্র বন্ধ করতে হবে। লবণ শিল্পের সঙ্গে জড়িত মানুষদের অবহেলা করে সরকার জনগণের রোষানল থেকে রেহাই পাবে না।

উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি বজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ, ফেডারেশনের উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হেলাল উদ্দীন, মোস্তফা আলী, ফরিদ আহমদ, মো. হোছাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের মাধ্যমে শিল্প উপদেষ্টা বরাবর লবণ শিল্প রক্ষায় দশ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত