পায়ের গোঁড়ালি অফসাইডে থাকায় ইয়ামালের গোল বাতিল!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

বার্সেলোনা ও রিয়েল সোসিয়েদাদের লা লিগা ম্যাচে ভিএআরের একটি সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রবিবার রাতে আনোয়েতা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে বার্সার তারকা লামিন ইয়ামালের গোল অফসাইড হিসেবে বাতিল করা হয়। রিয়াল সোসিয়েদাদের কাছে বার্সা ম্যাচটি হেরে যায় ২-১ ব্যবধানে।

ম্যাচের ২৭তম মিনিটে ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। টিভি রিপ্লেতে দেখা যায়, ইয়ামালের অফসাইডটি ছিল অত্যন্ত সূক্ষ্ম। তার ডান পায়ের গোঁড়ালির সামান্য একটা অংশ অফসাইড লাইনে ছিল, যদিও গোঁড়ালি মাঠি স্পর্শ করেনি। অফসাইডের এই সিদ্ধান্ত মনে করিয়ে দিচ্ছে গত নভেম্বরে সোসিয়েদাদের বিপক্ষেই রবার্ট লেভানডোস্কির একটি গোল বাতিলের ঘটনা। তার পায়ের নখ অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়েছিল!

সেই ম্যাচের মতো এবারও রেফারির এমন সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট হতে পারেননি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লা লিগায় অনেক ভালো রেফারি আছেন, কিন্তু এই রেফারি তাদের মধ্যে পড়েন না। দ্বিতীয় গোলটিতে আমরা রক্ষণে ভুল করেছি, সেটাই ম্যাচ শেষ করে দিয়েছে। তবে আজ যা হয়েছে, সবাই দেখেছে। ফ্রেঙ্কি যে বলেছে রেফারি অহংকারী—সে ঠিকই বলেছে। আমি আর এই বিষয়ে শক্তি নষ্ট করতে চাই না।’

বার্সেলোনা অধিনায়ক ফ্রেঙ্কি ডি ইয়ং রেফারির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, ‘আমি অধিনায়ক হয়েও রেফারির সঙ্গে কথা বলতে পারিনি! তিনি এমন ভঙ্গিতে তাকান, যেন বলছেন “আমি তোমার চেয়ে বড়”! এটা ভীষণ হতাশাজনক। ম্যাচের শেষ দিকে আমি অতিরিক্ত সময় বাড়ানোর অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি শুনলেন না। ৯ মিনিটেই হুইসেল বাজালেন। আমি প্রতিবাদ করতেই উল্টো কার্ড দেখালেন। এই রেফারির সঙ্গে কথা বলা অসম্ভব।’

ম্যাচজুড়ে বার্সেলোনার দুর্ভাগ্য যেন পিছু ছাড়েনি। ইয়ামাল ছাড়াও প্রথমার্ধের প্রথম ৩০ মিনিটেই ফেরমিন লোপেজ এবং ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোল অফসাইডের কারণে বাতিল হয়। বিরতির পর দানি ওলমো টানা দুইবার পোস্টে বল মারেন। হাফ টাইমের শেষ মুহূর্তে ইয়ামালকে একটি পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয় অফসাইডের কারণে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত