অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অনেকে বলছে দেশ আইসিইউতে চলে গেছে, একটি ব্যাংকে ৪০ হাজার কোটি টাকা জমা ছিল। ৩২ হাজার কোটি টাকা চলে গেছে। অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে মাত্র দেড় বছরে খাদের কিনার থেকে তুলে এনেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা প্রাঙ্গনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন অবশ্যই হবে, কোনো কিছুই নির্বাচনকে আটকাতে পারবে না। কোনো ধরনের অজুহাত নির্বাচনের পথে বাধা হতে দেওয়া হবে না। নির্বাচনকে বাধা দেওয়ার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি। আমরা নির্বাচনের প্রস্তুতি দেখতে পাচ্ছি। দেশ বাঁচাতে এবং সংস্কার কার্যক্রম ধরে রাখতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ভোটারদের সচেতনতা অপরিহার্য। এই ভোটের গাড়ি ক্যারাভ্যানটি সাধারণ মানুষের দোরগোড়ায় নির্বাচনের বার্তা পৌঁছে দেবে। সঠিক জনমতের প্রতিফলনেই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয়। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য।
ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান,ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
