ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে দুই বন্ধুর মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্ট চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে নগরীর জিলা স্কুল হোস্টেল খেলার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নগরীর মাদ্রাসা কোয়ার্টার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫) ও অপরজন হলেন আকুয়া এলাকার শাহজান মিয়ার ছেলে রাকিব মিয়া (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, জিলা স্কুল হোস্টেল খেলার মাঠে স্থাপিত একটি ল্যাম্পপোস্টের খুঁটিতে উঠে রাকিব মিয়া ল্যাম্পপোস্টর বৈদ্যুতিক তার কাটার চেষ্টা করছিলেন। এ সময় পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তার শরীর ঝলসে যায়।

ওসি আরও জানান, বিষয়টি দেখে বন্ধু হৃদয় মিয়া রাকিবকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় হৃদয় মিয়াকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই রাকিব মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত হৃদয় মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি মো. নাজমুস সাকিব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত