চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুরে পড়ে মৃগী রোগে আক্রান্ত এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার হাঈদগাও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহিণীর নাম টিংকু দাশ (৩৫)। তিনি হাঈদগাও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভ্রাম্মণপাড়া এলাকার বাসিন্দা ছোটন চক্রবর্তীর স্ত্রী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে থালা-বাসন ধোয়ার জন্য যান টিংকু দাশ। এ সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে তার খিঁচুনি ওঠে এবং তিনি পুকুরের পানিতে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, টিংকু দাশ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন।
