চোটাঘাতের সঙ্গে লড়াইয়ের দীর্ঘ অধ্যায় শেষে চেনা আলোয় ফিরলেন গ্যাব্রিয়েল জেসুস। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মাঠ সান সিরোতে দুই গোল করে আর্সেনালের ৩–১ জয়ে বড় ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
ম্যাচ শেষে আবেগাপ্লুত জেসুস বলেন, “এই স্টেডিয়ামে গোল করতে পারা ছিল স্বপ্নের মতো। ছোটবেলায় সিরি আ দেখা আমার অভ্যাস ছিল। এখানে এসে গোল করায় চোখে পানি চলে এসেছিল।”
২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এসিএল ইনজুরির কারণে প্রায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন। ডিসেম্বরের পর এটি ছিল তার মাত্র তৃতীয় ম্যাচে শুরুর একাদশে নামা।
ইন্টারের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন জেসুস। তার দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। শেষ দিকে ভিক্টর গিয়োকারেসের দুর্দান্ত শটে তৃতীয় গোল পায় গানার্সরা। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচ জিতে ক্লাব রেকর্ড গড়েছে আর্সেনাল।
জেসুস বলেন, “ইন্টারের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। গত মৌসুমে এখানে এসে আমরা হেরেছিলাম। এবার আমরা বলের নিয়ন্ত্রণে ছিলাম এবং প্রাপ্য তিন পয়েন্ট পেয়েছি।”
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ম্যাচ শেষে বলেন, “আমরা গ্যাবিকে খুব মিস করছিলাম। তার ফিরে আসা দলের আত্মবিশ্বাস বাড়াবে। আক্রমণে এখন আমাদের আরও বিকল্প আছে।”
এই দুই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে জেসুসের গোলসংখ্যা দাঁড়াল ২৬—ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে দ্রুততমদের তালিকায় তিনি এখন কিংবদন্তি নেইমারের পাশে। দীর্ঘ বিরতির পর সান সিরোতে এই পারফরম্যান্স শুধু আর্সেনালের জন্য নয়, জেসুসের নিজের ক্যারিয়ারেও এক নতুন অধ্যায়ের সূচনা।
বিপিএল খেলতে চলে এসেছেন কেইন উইলিয়ামসন
সুয়ারেজের জোড়া গোলে পিএসজিকে চমকে দিল স্পোর্টিং সিপি