ক্রিকইনফোর প্রতিবেদন

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আইসিসিকে চিঠি পিসিবির

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া সংকট আরও জটিল আকার নিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক এক দিন আগে গতকাল মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে জানিয়েছে, বর্তমান আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তারা সমর্থন করে।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পিসিবির এই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে। আজ বুধবার আইসিসি সভায় বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। বিসিবি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দাবি জানিয়েছে যে, তাদের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। তবে আইসিসির বক্তব্য, সূচিতে কোনো পরিবর্তন হবে না এবং বাংলাদেশকে নির্ধারিত সূচি অনুযায়ীই খেলতে হবে।

বাংলাদেশ সরকার সমর্থিত অবস্থান নিয়ে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দলকে ভারতে পাঠানো সম্ভব নয়। সর্বশেষ গত সপ্তাহান্তে ঢাকায় আইসিসি ও বিসিবির বৈঠক হলেও কোনো পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি। শেষ পর্যন্ত ২১ জানুয়ারি বুধবার চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়। বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড অংশ নেবে বলেও বার্তা সংস্থা এএফপির খবর।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার পাঠানো পিসিবির চিঠির সময় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠলেও আইসিসির সিদ্ধান্তে এতে কোনো প্রভাব পড়বে না বলেই ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পিসিবির হঠাৎ সম্পৃক্ততা নতুন করে জল্পনা উসকে দিয়েছে। যাচাই না হওয়া কিছু প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ দলের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবি। এমনকি বাংলাদেশের না খেললে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না- টাইপের নাটকীয় খবরও সামনে আসে।

পরবর্তীতে এই খবরগুলো ভুয়া বলেই প্রমাণিত হয়েছে। এসব বিষয়ে পিসিবির কাছে ইএসপিএনক্রিকইনফো জানতে চাইলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। এর কারণ আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করা না হলেও বাংলাদেশ–ভারত রাজনৈতিক সম্পর্কের অবনতি একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়। এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, জাতীয় দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত