গোবিন্দগঞ্জে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহানুর রহমান ওরফে দুলা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলা একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের মৃত জোহা বকসের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের আবু হাছান আকন্দের ছেলে মাহমুদুল হাসান ইউসুফকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে ২০২৪ সালে দুলা মোট ৯ লাখ টাকা গ্রহণ করে। দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও তিনি চাকরি দিতে ব্যর্থ হন। পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।

ভুক্তভোগী ইউসুফের বাবা আবু হাছান আকন্দ জানান, তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুলা সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মঙ্গলবার গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কায়েস জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুলাকে গ্রেপ্তার করা হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত দুলাকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত