চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এক রাতে মোহাম্মদ সালাহর প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন লিভারপুল কোচ আর্নে স্লট। দীর্ঘ এক মাসের বেশি সময় পর একাদশে ফিরে ফরাসি ক্লাব মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় লিভারপুল।
স্টাড ভেলোড্রোমে অনুষ্ঠিত ম্যাচে সালাহ গোলের দেখা না পেলেও তার উপস্থিতিতে আক্রমণে ধার বাড়ে ইংলিশ জায়ান্টদের। আফ্রিকান নেশনস কাপ শেষে মাত্র একদিন অনুশীলন করেই পুরো ৯০ মিনিট খেলেন মিশরীয় এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে স্লট বলেন, 'এক মাসের বেশি সময় ভিন্ন একটি দলের সঙ্গে খেলে ফিরে এসেও মাত্র একদিনের অনুশীলনে ৯০ মিনিট খেলার মতো ফিট থাকা প্রমাণ করে সালাহ কত বড় পেশাদার। সে গোলের খুব কাছাকাছি ছিল। সাধারণত এমন সুযোগ সে মিস করে না।'
এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের টানা অপরাজিত ম্যাচের সংখ্যা দাঁড়াল ১৩-তে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে বর্তমানে এটিই দীর্ঘতম অপরাজিত ধারা। ৪-২-২-২ ফরমেশনে খেলিয়ে আক্রমণে ভারসাম্য আনেন স্লট। ফুলব্যাক জেরেমি ফ্রিম্পং ও মিলোস কেরকেজ প্রস্থ জোগান, ফলে সালাহকে রক্ষণে কম কাজ করে আক্রমণে মনোযোগ দেওয়ার সুযোগ দেন কোচ।
ম্যাচ বিশ্লেষণে সাবেক লিভারপুল ডিফেন্ডার স্টিভেন ওয়ারনক বলেন, 'এই ভূমিকায় সালাহ আরও সতেজ ও ভয়ংকর হয়ে ওঠে। তাকে যদি সেরা পারফরম্যান্স পেতে চান, তবে ধারাবাহিকতা দরকার।'
সালাহর সাম্প্রতিক একটি সাক্ষাৎকার ঘিরে তৈরি হওয়া আলোচনা প্রসঙ্গে এই জয় লিভারপুলের জন্য স্বস্তির বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কোচ ও খেলোয়াড়—উভয়ের মধ্যেই এখন নতুন করে বোঝাপড়া গড়ে উঠছে বলে ইঙ্গিত মিলেছে। ম্যাচ শেষে স্লট বলেন, 'খোলা খেলায় আমরা ভালো করি। তবে নিচু রক্ষণে খেলতে থাকা দলের বিপক্ষে আরও উন্নতি করতে হবে।'
হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোতে ১০ জনের বায়ার্ন
৯৬০তম গোল করে ম্যাচ জেতালেন রোনালদো