চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বিজ্ঞাপন ছাড়াই ২২৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন। কিছুক্ষেত্রে প্রার্থীদের নিয়োগের আবেদনপত্রে কেবল স্বাক্ষর দিয়ে নিয়োগ চূড়ান্ত করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় তিনি প্রাক্তন উপাচার্য অধ্যাপক শিরীণ আখতারের সময়কালে নিয়োগ এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের সময়কালে নিয়োগের একটি তুলনা তুলে ধরেন ফেসবুক পোস্টে লিখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি শিরীণ আখতার বিজ্ঞাপনের অতিরিক্ত ২২৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়েছেন।
চবির রেজিস্ট্রার লিখেন, বর্তমান ভিসি ইয়াহ্ইয়া আখতার বিজ্ঞাপনের অতিরিক্ত একজনও নিয়োগ দেননি।
পোস্টের বিষয়ে চবি রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাক্তন উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার নিজের ক্ষমতাবলে বিজ্ঞাপন ছাড়াই ২২৮ জনকে নিয়োগ দিয়েছেন। এরমধ্যে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারি রয়েছেন। অনেকগুলো নিয়োগের বিষয়ে নীতিমালা অনুসরণ করা হয়নি। কিছুক্ষেত্রে প্রার্থীদের নিয়োগের আবেদনপত্রে কেবল স্বাক্ষর দিয়ে নিয়োগ চূড়ান্ত করেছেন।
তিনি বলেন, নিয়োগের বিষয় নিয়ে আমরা খুবই সচেতন। আমরা যেখানে সারাদিন ধরে দেড়শ জন প্রার্থীর ভাইবা নিয়ে একজনকে নিয়োগ দেই, সেখানে ভিসি শিরীণ আখতার বিজ্ঞাপনের কোনো তোয়াক্কা করতেন না। তার নিয়োগের নথিপত্র আমাদের কাছে রয়েছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করেছে।
