ঘরের মাঠে দুয়ো শুনে অতিষ্ঠ ভিনি বললেন ‘আমিও একজন মানুষ’

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

অনেকদিন ধরেই নিজের সেরা ফর্মে নেই ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিতে পারে বলেও বাজারে গুঞ্জন আছে। ঘরের মাঠে পর্যন্ত তাকে দুয়ো শুনতে হয়। সম্প্রতি এএস মনাকোর বিরুদ্ধে ৬-১ ব্যবধানে জয়ে মাঠে নামার পর এই ব্রাজিলিয়ান উইঙ্গার একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

‘মুভিস্টার’ –এর সঙ্গে আলাপচারিতায় ২৫ বছর বয়সী এই তারকা জানান, গত কয়েক সপ্তাহ ধরে নিজের মানসিক অবস্থার সঙ্গে লড়াই করাটা তার জন্য কতটা কঠিন ছিল। সমর্থকদের দুয়োধ্বনি, সিটি বাজানো তাকে ভীষণ প্রভাবিত করেছে। ভিনির বার্তা ছিল ‘আমিও একজন মানুষ।’ তিনি আরও জানান যে, তার চুক্তির শেষ বছর এবং নবায়নের সম্ভাবনা নিয়ে যে জল্পনা আছে, সেটা নিয়ে তার কোনো তাড়া নেই।

দর্শকদের দুয়োধ্বনি নিয়ে ভিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের জন্য খেলতে গিয়ে প্রত্যাশা খুব বেশি। কিন্তু আমিও একজন মানুষ। আমি নিজের ঘরের মাঠে কখনো হু হু শব্দ (হুইসেল) শুনতে চাই না। সম্প্রতি কিছু ম্যাচে আমি স্বাচ্ছন্দ্যবোধ করিনি, কারণ প্রতিটি ভুলের জন্য আমাকে সমালোচনা করতে শুনতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার চুক্তি নবায়ন নিয়েও (বাইরে) অনেক কথা হচ্ছে, কিন্তু এখনও মেয়াদের এক বছর বাকি। এটা নিয়ে আমরা নির্ভার আছি। সভাপতির (পেরেস) প্রতি আমার আস্থা আছে, তিনিও আমাকে বিশ্বাস করেন। আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো। যথাযথ সময়ে আমরা সব ঠিক করে নেব, তাড়াহুড়া দরকার নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত