ফরিদপুর

বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, ৬ নারীসহ আটক ১৮

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

‎ফরিদপুরের নগরকান্দায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। উপজেলার শাকপালদিয়া এলাকা থেকে বুধবার (২২ জানুয়ারি) ভোর রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মো. সহিদ মোল্লা (৬৫), মো. শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো. পারভেজ ফকির (২৫), মো. নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো. ইয়াসিন মোল্লা (১৬), মো. আজিম মোল্লা (২৭), মো. শাজাহান শেখ (৩৬), মো. রবিউল মোল্লা (৩০), মো. ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) ও জয়েনব বেগম (৬০)। তারা সবাই নগরকান্দা উপজেলার শাকপালদিয়া গ্রামের বাসিন্দা।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি করে সিঙ্গেল ব্যারেল পাইপ গান ও ১২ গেজ কার্তুজ, ১০টি ঢাল, ৭টি বর্শা, ৮টি কাস্তে, ৬টি রামদা, ৫টি ছোট ছুরি, প্রায় ৪ কেজি গাঁজা, ১০২ ইয়াবা, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন।

‎সেনা সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে রয়েছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান চালানো হয়। ভবিষ্যৎ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রস্তুতি চলছে। এছাড়া পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত