ইলিশ সম্পদ রক্ষা ও জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা থেকে ঢাকাগামী একটি লঞ্চ থেকে ৪ হাজার ১৫০ কেজি (১০৩ মণ ৩০ কেজি) জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মেঘনা নদীর এখলাশপুর সংলগ্ন এলাকায় ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমবি মিতালী-০৭ থেকে জটকাগুলো উদ্ধার করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানা, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। তারপরও একটি অসাধু চক্র যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। জাটকা নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে এবং জাটকা সংরক্ষণে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার হক ও ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।
