রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান খুব কাছে। রমজান আসার আগেই মুমিনের উচিত নিজের জীবন, অভ্যাস ও পরিবেশকে নতুন করে গুছিয়ে নেওয়া। এই প্রস্তুতি শুধু ইবাদতের সময় বাড়ানোর প্রস্তুতি নয়, বরং নিজেকে তাকওয়ার পথে দাঁড় করানোর সচেতন প্রয়াস। এই প্রেক্ষাপটে মুমিনের রমজান প্রস্তুতির বিষয়টি গভীরভাবে ভাবা ও পরিকল্পিতভাবে গ্রহণ করা জরুরি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে ইমানদাররা! তোমাদের ওপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের ওপর ফরজ করা হয়েছিল। যেন তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত ১৮৩) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন রমজান মাস আসে তখন রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়।’ (সহিহ বুখারি, হাদিস ১৮৯৮)
অত্যধিক বরকত ও ফজিলতপূর্ণ এ মাস আমাদের খুব কাছে। এ মাসকে বরণ করার প্রস্তুতি কেমন হওয়া দরকার? আমরা যদি হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম ও সালফে-সালেহিনদের দিকে তাকাই তাহলে দেখতে পাই, তারা কীভাবে রমজানের প্রস্তুতি নিতেন। তারা রমজানের আগে থেকেই রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। শারীরিক, মানসিক ও আর্থিক সব ধরনের প্রস্তুতিই গ্রহণ করতেন। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতেন আর দোয়া করতে থাকতেন, ‘হে আল্লাহ! রজব ও শাবান মাসে আমাদের বরকত দান করুন এবং (হায়াত বৃদ্ধি করে) আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ (মাজমাউজ জাওয়ায়েদ ২/১৬৫)
কেউ যদি বড় ও গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে চায়, তাহলে সেটার জন্য প্রস্তুতি ও প্রশিক্ষণ নেওয়া জরুরি। কারণ সে যদি ভালোভাবে প্রস্তুতি না নেয় তাহলে সে তার লক্ষ্য-উদ্দেশ্যে সফল হতে পারবে না। লক্ষ্য-উদ্দেশ্যে সফলকাম হওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি থাকা আবশ্যক। আমরা যদি সাধারণ দুনিয়ার কোনো কাজের দিকে তাকাই তাহলে দেখতে পাই, প্রত্যেক কাজের জন্য আগে প্রশিক্ষণ দিতে হয়। কাজের তুলনায় প্রশিক্ষণ অনেক কষ্টের হয়ে থাকে। কর্মক্ষেত্রে যেন সে পরবর্তী কাজগুলো ভালোভাবে করতে পারে, সেজন্য এভাবে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক বৈধ কাজকে তার জন্য অবৈধ করে দেওয়া হয়। যাতে প্রশিক্ষণ ভালো হয় এবং কর্মক্ষেত্রে গিয়ে ভালো ফলাফল করতে পারে। এজন্য মহান আল্লাহ আমাদের রমজান মাস দিয়েছেন প্রশিক্ষণ হিসেবে। আর সেটা হলো তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের প্রশিক্ষণ। এজন্য দেখা যায়, রমজানের বাইরে যে কাজগুলো আমাদের জন্য বৈধ যেমন দিনের বেলায় পানাহার ও স্ত্রী সহবাস এগুলোকে রমজান মাসে অবৈধ করে দেওয়া হয়েছে, যাতে করে বান্দা আল্লাহভীতির ব্যাপারে পরিপূর্ণ প্রশিক্ষণ নিতে পারে। আমরা যদি পবিত্র রমজানের পূর্ণ বরকত ও ফজিলত লাভ করতে চাই, তাহলে আমাদের নিজেদের সেভাবে প্রস্তুত করতে হবে। পূর্ণ প্রস্তুতি না থাকলে মাঝপথে আমরা ছিটকে পড়তে পারি। এই প্রস্তুতিকে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় এই চারটি স্তরে ভাগ করা যায়। সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমেই রমজানের মূল তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।
ব্যক্তিগত প্রস্তুতি : রমজান মাসকে যথাযথভাবে পালনের জন্য ব্যক্তিগতভাবে কিছু প্রস্তুতি গ্রহণ করা জরুরি। এটি মূলত শারীরিক, মানসিক ও আমলগত প্রস্তুতির ওপর নির্ভরশীল। এক. মানসিক প্রস্তুতি। রমজান সংযমের মাস, তাই আমাদের রাগ, অভিমান, অহংকার ও খারাপ অভ্যাসগুলো নিয়ন্ত্রণের প্রস্তুতি নেওয়া উচিত। পাশাপাশি ধৈর্যশীল হওয়া, মিথ্যা, গিবত, হিংসা ইত্যাদি এড়িয়ে চলা। দুই. শারীরিক প্রস্তুতি। রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, তাই শারীরিকভাবে প্রস্তুত হওয়া দরকার। প্রস্তুতির অংশ হিসেবে অতিরিক্ত ভাজাপোড়া ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা, ঘুমের নিয়ম ঠিক রাখা এবং ধূমপানের অভ্যাস থাকলে ধীরে ধীরে কমিয়ে দেওয়া। তিন. আমলগত প্রস্তুতি। রমজান মাস শুধু না খেয়ে থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি, ধৈর্য ও আল্লাহর নৈকট্য লাভের মাস। এজন্য আগে থেকেই নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। রমজানের প্রথম দিন থেকেই বেশি ইবাদত করা সম্ভব হবে যদি আমরা আগেই কিছু অভ্যাস গড়ে তুলি। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল ও দোয়ার চর্চা করা, তাহাজ্জুদ ও নফল নামাজ পড়ার অভ্যাস করা।
পারিবারিক প্রস্তুতি : রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়, বরং পরিবারের লোকদেরও ইবাদতে উৎসাহিত করার মাস। এজন্য প্রস্তুতি নেওয়াও গুরুত্বপূর্ণ। পরিবারের সবাইকে ইবাদতের প্রতি তাগাদা দেওয়া, রমজানের শিক্ষাকে পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়া, পরিবারের সবাই মিলে জামাতে নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলা, একসঙ্গে কোরআন তেলাওয়াত ও হাদিস পড়ার সময় নির্ধারণ করা, ইফতার ও সেহরির সময় পরিবারের সবাইকে একত্র করার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া।
সামাজিক প্রস্তুতি : রমজানের গুরুত্ব শুধু ব্যক্তিগত বা পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, বরং এটি সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কথা চিন্তা করে কিছু সামাজিক প্রস্তুতি নেওয়া দরকার। যেমন দরিদ্র ও অসহায়দের সহায়তা করা। রমজান হলো দানশীলতার মাস। তাই আশপাশের গরিব মানুষদের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করা, এতিমখানা খাদ্য বিতরণ করা, অসচ্ছল পরিবারকে সাহায্য করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অহেতুক ঝগড়া-বিবাদ না করা, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া
রাষ্ট্রীয় প্রস্তুতি : দেশব্যাপী রমজানের সুষ্ঠু আয়োজনের জন্য রাষ্ট্রীয় পর্যায়েও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি নেওয়া দরকার। যেমন বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। কেননা রমজানের সময় অনেক অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে থাকে। তাই সরকারকে বাজার মনিটরিং করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখা এবং অসাধু মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। রমজানের সময় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। এ ছাড়া গণমাধ্যম রমজানের গুরুত্বের বিষয়ে মানুষকে সতর্ক করতে পারে। যেমন রমজান সম্পর্কিত বিশেষ অনুষ্ঠান প্রচার, ধর্মীয় বক্তৃতা এবং ইসলামি আলোচনার আয়োজন করা।
লেখক : ইসলামবিষয়ক গবেষক