পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় লুথার্যান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন মাঠে শ্রীরামপুর ইউনিয়ন তরুণ সমাজের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা। বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় জেড ভি স্পোর্টস পটুয়াখালী, মৃধা এন্টারপ্রাইজ দুমকিকে পরাজিত করে জয়লাভ করে। টুর্নামেন্টের প্রথম দিনে ‘বি’ গ্রুপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ‘সায়েম পটুয়াখালী’ দল।
টুর্নামেন্টে বরিশাল, কলাপাড়া, ঝালকাঠি, পটুয়াখালী ও বাউফলসহ বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ক্রীড়ামুখী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
