তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করা আরেক শুটারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে নরসিংদী থেকে রহিমকে আটক করা হয়। এর আগে মো. বিল্লাল নামের আরেক আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুছাব্বির হত্যা মামলায় শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত ৭ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরদিন ৮ জানুয়ারি অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে তেজগাঁও থানায় মামলা দায়ের করেন নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার। মুছাব্বির একসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদকও ছিলেন।
