দুই সাজাপ্রাপ্ত আসামি কারাগারে প্রেম, বিয়ের জন্য আদালতে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম

ভারতের রাজস্থান হাইকোর্টের অনুমতি পেয়েই কারাগারে শুরু হওয়া প্রেমে আবদ্ধ দুজন সাজাপ্রাপ্ত আসামি এবার বিয়ে করতে চলেছেন। আজ শুক্রবার রাজ্যের আলওয়ারে প্রিয়া শেঠ ওরফে নেহা শেঠ এবং হনুমান প্রসাদ বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। হাইকোর্ট তাদের জন্য ১৫ দিনের জরুরি প্যারোল মঞ্জুর করেছে।

দুই আসামি যারা হত্যার দায়ে সাজাপ্রাপ্ত। প্রায় ছয় মাস আগে আলওয়ারের সাঙ্গানের ওপেন জেলেই প্রথম দেখা করেছিলেন তারা। সেই সাক্ষাতের পর আলাপ এবং সম্পর্ক গভীর হয়ে প্রেমে পরিণত হয়। যদিও তারা দণ্ডপ্রাপ্ত, তবু জীবনসঙ্গী হিসেবে একে অপরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে বিয়ের অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হন।

প্রিয়া শেঠ একজন মডেল। ২০১৮ সালে টিন্ডার অ্যাপের মাধ্যমে তার পরিচিতি হয় দুষ্যন্ত শর্মার সঙ্গে। প্রথমে অপহরণ ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে প্রিয়া ও তার সহযোগীরা দুষ্যন্ত শর্মার পরিবার থেকে ১০ লাখ রুপি দাবি করেন। পরিবার ৩ লাখ রুপি দিলেও পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে প্রিয়া ও সহযোগীরা দুষ্যন্তকে নৃশংসভাবে হত্যা করেন। পরিচয় গোপন করতে তার মুখে অসংখ্য ছুরিকাঘাত করা হয় এবং মরদেহ একটি সুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় প্রিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, হনুমান প্রসাদও পাঁচটি হত্যার দায়ে সাজাপ্রাপ্ত। তিনি তার সাবেক প্রেমিকার স্বামী ও সন্তানদের হত্যা করেন। হানুমান হত্যাকাণ্ড ঘটানোর সময় ঘুমন্ত তিন সন্তান ও এক ভাতিজাসহ মোট পাঁচজনকে হত্যা করেন। রাজ্যজুড়ে এই সাজাপ্রাপ্ত খুনিদের বিয়ে নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত