ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আরও ৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। শনিবার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, পশ্চিম বান্দুং জেলার একটি গ্রামে ভূমিধসটি ঘটে। টানা ভারী বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, 'নিখোঁজের সংখ্যা অনেক বেশি। আজ আমরা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করব।'
এর আগে ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ পশ্চিম জাভা প্রদেশে শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য ভারী বৃষ্টি ও চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল বলে স্থানীয় গণমাধ্যম কোমপাস ডটকম জানিয়েছে।
