‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তরুণরা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম

গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তরুণদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এ অনুষ্ঠানে আলাপ করবেন তিনি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন বলেন, ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক এ আয়োজনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পাশাপাশি তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত থাকবেন। তিনি ইতোমধ্যে বাংলাদেশের নীতি প্রণয়নের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী সমাদৃত হয়েছে।

মাহাদী আমীন জানান, আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের ওপর এক মিনিটের রিল বানানোর প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় আড়াই হাজার প্রতিযোগী অংশ নেন। জনমত (৩০ শতাংশ মার্ক) ও জুরি বোর্ডের মূল্যায়নে (৭০ শতাংশ মার্ক) নির্বাচিত ১০ বিজয়ী আজ তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সাথে সরাসরি সাক্ষাৎ ও আলাপের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, বিএনপি দেশের নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার এবং নির্বাচন-সংক্রান্ত আইন, বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি ভোটারদের অভিযোগ, পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের উদ্দেশ্যে ইলেকশন হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ হটলাইন +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭ চালু করেছে। শহর ও গ্রাম উভয় পর্যায়ের নাগরিকদের সম্পৃক্ত করে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নাগরিকবান্ধব নির্বাচনি পরিবেশ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যে এ হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ যোগাযোগ করেছেন এবং বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত