পাকিস্তানে চলমান জঙ্গি সহিংসতার মধ্যেই এবার একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় সংঘটিত এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার (২৪ জানুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় শান্তি কমিটির সদস্যরা অবস্থান করছিলেন- এমন একটি ভবনে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে হামলাকারী নিজেকে বিস্ফোরণ ঘটায়।
পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত এবং আফগান সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিবাদ মোকাবিলায় পাকিস্তান সরকারের উদ্যোগের অংশ হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, হামলায় প্রায় এক ডজন মানুষ আহত হন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। এর আগে বিস্ফোরণ স্থলেই তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছিল পুলিশ।
এ হামলার দায় এখন পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। তবে পাকিস্তান সরকার অভিযোগ করেছে, আফগান তালেবান পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীগুলোকে আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনায় সহায়তা করছে। যদিও কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
আফগান সীমান্তের দুই পাশেই সক্রিয় রয়েছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানে জঙ্গি হামলা প্রতিরোধে স্থানীয় জনগণের সমন্বয়ে গঠিত শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আগেও হামলার হুমকি দিয়েছে এই গোষ্ঠী।
