মানব মুক্তির উছিলায় হুজুর গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.) বিশ্ববাসীর জন্য ধর্মসাম্য, ধনসাম্য, বিচারসাম্যের আধ্যাত্মিক দর্শন উন্মোচিত করে গেছেন বলে মন্তব্য করেছেনমাইজভান্ডারি গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.)।
শনিবার বাদ ফজর চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১২০তম ওরস শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে তিনি উপরোক্ত কথা বলেন। মাইজভাণ্ডার দরবার শরীফে ১০ই মাঘে প্রধান এ ওরসকে কেন্দ্র করে প্রতিবছর মতো এবারও লাখ লাখ আশেক ভক্ত জাতি ধর্মবর্ণ শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সমবেত হয়েছেন।
আজ বাদ ফজর শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস শরিফের উক্ত আনুষ্ঠানিকতা শুরু হয়। ওরস শরীফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যাগে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল আধ্যাত্মিক চর্চার পাশাপাশি মানবসেবা ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।
আজ বাদ ফজর হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি রওজা শরীফ জিয়ারতকালে মানবতার মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.)। এসময় তিনি বলেন, ‘হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) আমাদের মাঝে ইসলামের যে আধ্যাত্মিক দর্শন দিয়ে গেছেন এতে আছে উসূলে সাবা, ধর্মসাম্য, ধনসাম্য এবং বিচারসাম্য। ইসলাম যে আত্মসমর্পণের কথা বলেছে, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সমাজে যে শান্তি কায়েম করতে চেয়েছে সেই নির্দেশনা আছে হুজুর গাউসুল আজম প্রবর্তিত যুগপোযোগী মাইজভান্ডারি দর্শনে৷’
পবিত্র ওরস উপলক্ষে দরবারে সমবেত হওয়া লাখে ভক্ত আশেকদের হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) শিক্ষাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি আরও বলেন, ‘আল্লাহর ও রাসূলের (স.) সন্তুষ্টি অর্জনের আশায় গাউসুল আজম মাইজভান্ডারি (ক.) পবিত্র ওরস শরীফ ঘিরে দূরদূরান্ত থেকে নেয়ামত, বরকত হাসিলের আশায় দরবারে লাখো ভক্ত আশেক এসেছেন।’
এছাড়া পবিত্র ওরস ঘিরে গাউসিয়া হক মঞ্জিল, হক কমিটি সমুহ এবং আশেক ভক্তগণ যেসব আধ্যাত্মিক কর্মসূচি বাস্তবায়ন করেছেন তাদের খেদমতকে তওবা কবুলের এবং গুনাহ মাফের উছিলা হিসেবে গ্রহণের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তিনি। মোনাজাতে বাংলাদেশে শান্তি এবং মানবজাতির কল্যাণ কামনা করেন তিনি।
