বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসকের ওপর হামলাচেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ইব্রাহিম সদরের বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হামলার উদ্দেশ্যে এক ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার কাছে একটি লোহার সরঞ্জাম ছিল। তাকে বাধা দিতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম আহত হন।
আহত জহিরুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি সকাল সাড়ে ৯টার পর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এবং বারবার জেলা প্রশাসকের খোঁজ নিচ্ছিল। অফিস খোলার পর হঠাৎ তিনি তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে জেলা প্রশাসকের কক্ষে যাওয়ার চেষ্টা করেন। সন্দেহ হলে তার কোমরের হাত দিলে সেখানে একটি টিউবওয়েল খোলার রেঞ্জ পাওয়া যায়। সেটি জব্দ করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি রেঞ্জ দিয়ে তাকে আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অভিযুক্তকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
