এক টেবিলে চা পান করলেন বিএনপি প্রার্থী ও জাপার মহাসচিব

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যতিক্রমী এক সৌজন্যমূলক দৃশ্যের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। নির্বাচনী গণসংযোগ চলাকালে এক টেবিলে বসে চা পান করতে দেখা গেছে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. জিয়াউল ইসলাম ও জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে।

রবিবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গণসংযোগের সময় হঠাৎ মুখোমুখি হন দুই দলের এই দুই শীর্ষ প্রার্থী। সাক্ষাৎ হতেই তারা একে অপরের খোঁজখবর নেন এবং রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও সৌজন্যবোধের জায়গা থেকে কুশল বিনিময় করেন। পরে কাছাকাছি একটি চায়ের দোকানে বসে একসঙ্গে চা পান করেন তারা।

ভাইরাল হওয়া ছবিতে দুই নেতাকে পাশাপাশি বসে স্বাভাবিক ভঙ্গিতে আলাপ করতে দেখা যায়। নির্বাচনী উত্তেজনার সময়ে এমন দৃশ্য সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মত দিয়েছেন অনেক স্থানীয় বাসিন্দা। 

তাদের মতে, রাজনৈতিক মতভেদ থাকলেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় থাকলে নির্বাচনী পরিবেশ আরও শান্তিপূর্ণ হয়।

চায়ের আড্ডার সময় দুই দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। অনেকে মোবাইলে সেই মুহূর্ত ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি ঘিরে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন— গণতান্ত্রিক সংস্কৃতি টিকিয়ে রাখতে এমন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সৌহার্দ্য ও সহনশীলতা বজায় রাখা সুস্থ রাজনীতির পরিচয়। এতে মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরি হয়।

সুন্দরগঞ্জের একাংশ ভোটারের ভাষ্য, তারা এমন রাজনীতি দেখতে চান— যেখানে মতভেদ থাকবে, কিন্তু বিদ্বেষ নয়। ভোটের লড়াই যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক না কেন, পারস্পরিক সম্মান ও মানবিক আচরণের মধ্য দিয়েই গণতন্ত্রের সৌন্দর্য টিকে থাকে— এমনটাই মনে করছেন সচেতন মহল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত