নিরীহ লোক যে দলেরই হোক, গ্রেপ্তার নয়: বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

‘নিরীহ লোক যে দলেরই হোক, তাদের যেন কোনোভাবেই গ্রেপ্তার বা হয়রানি করা না হয়’— আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এমন আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার (১১ জানুয়ারি) রাতে ফটিকছড়ি সদরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এএসপি সার্কেলকে সরাসরি উদ্দেশ করে এসব কথা বলেন। একই সঙ্গে তিনি ফটিকছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধারে জরুরি ভিত্তিতে চিরুনি অভিযান পরিচালনার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সরোয়ার আলমগীর বলেন, বর্তমানে ফটিকছড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। এলাকায় প্রকাশ্যে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধচক্রের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এসব অবৈধ অস্ত্র নির্বাচনী সহিংসতা ও নাশকতায় ব্যবহৃত হতে পারে। তাই অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরি।

তিনি প্রশাসনের প্রতি কঠোর কিন্তু ন্যায়সঙ্গত ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে কোনো রাজনৈতিক দলের নিরপরাধ ও নিরীহ মানুষকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

বিএনপি প্রার্থী আরও বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ছাড়া একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী যদি দল-মত নির্বিশেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে আস্থার পরিবেশ ফিরে আসবে।

প্রতিপক্ষ প্রার্থীর দিকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের কর্মীরা গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে বিশেষ করে নারীদের কাছ থেকে জোরপূর্বক জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই এই অপচেষ্টা চালানো হচ্ছে, যা নাগরিক অধিকার হরণের শামিল।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল জোর করে কারো জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড আইনত দণ্ডনীয় অপরাধ এবং কোনোভাবেই জনগণের ভোটাধিকার হরণ করতে দেওয়া হবে না।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়ে তিনি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে কঠোর নজরদারির আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, শাহনেওয়াজ সেবুল, সরোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মনছুর আলম চৌধুরী, আবু আজম তালুকদার, মঈন চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত