কোটালীপাড়া নির্বাচনী জনসভা

কর্মীর মৃত্যুর স্মরণে অঝোরে কাঁদলেন বিএনপি প্রার্থী জিলানী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রদীপ অধিকারী নামে নিজ দলের এক কর্মীর মৃত্যুর কথা বলে অঝোরে কাঁদলেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। শুক্রবার (৩০ জানুয়ারি ) রাতে জেলার কোটালীপাড়ার ধারাবাশাইল বাজারের বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্যকালে প্রদীপের স্মরণে আবেগে আপ্লুত হয়ে পড়েন এস এম জিলানী।

এসময় তার কান্না দেখে উপস্থিত দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণও কেঁদে ফেলেন।

কিছু দিন আগে এস এম জিলানীর একটি মিছিলে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রদীপ অধিকারী (৩০)। তিনি উপজেলার কান্দি গ্রামের হরবিলাস অধিকারীর ছেলে ও ঢাকা কলেজের শিক্ষার্থী।

জনসভায় বক্তব্যে এস এম জিলানী বলেন, এ বারের জাতীয় সংসদ নির্বাচন দুইভাবে বিভক্ত। একটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, আমার একাত্তরের পক্ষে। আর একটি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও একাত্তরের বিপক্ষে। যখনই বাংলাদেশকে নিয়ে এই স্বাধীনতার বিপক্ষের শক্তি ষড়যন্ত্র করেছে তখনই এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে। আমি বিশ্বাস করি আগামী ১২ ফেরুয়ারির নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে মহান স্বাধীনতার পক্ষের শক্তিকে বেছে নেবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ৪ লাখ গৃহিনীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে। এছাড়া কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত