সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহম্মেদকে কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই অব্যাহতি দেওয়ার প্রতিবাদে দলের ৮ নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন। তিনি বলেন, কিছুক্ষণ আগে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্যের স্বাক্ষরে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমেদকে কোনো কারণ দর্শানোর নোটিশ ও কোনো প্রমাণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস, এই সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মতামতকে অবমূল্যায়ন করেছে এবং সংগঠনের ভেতরে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করছে। এই হঠকারী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আমরা বাধ্য হয়ে আজ স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।
পদত্যাগকারীরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুকেশ দেবনাথ, উসমান গণী, বুরহান উদ্দিন, ধনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, দক্ষিণ বাধাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বুরহান উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সদস্য মুজাম্মিল হক, উপজেলা যুবদলের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
এর আগে সোমবার দলের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহম্মেদকে অব্যাহতি দেয় জেলা বিএনপি। সেই সাথে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়।
