মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ বুধবার সুপার সিক্সের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়েছে নিগার সুলতানার দল। এই জয়ে বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আরও কাছে পৌঁছে গেল।
নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় থাইল্যান্ড। ব্যাট হাতে জোড়া ফিফটি করেন জুয়াইরিয়া ফেরদৌস এবং সোবহানা মোস্তারি। দুজনের মধ্যে জুরাইরিয়া ৪৫ বলে ৩ চার ৪ ছক্কায় ৫৬ এবং সোবহানা ৪২ বলে ৯ চার ১ ছক্কায় ৫৯ রান করেন। পরের দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান তোলে বাংলাদেশ।
জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। ওপেনার নথকান চনথাম ৪১ বলে ৪৬, তিনে নামা নান্নাপাট কনচরোয়েঙ্কাই ২৯ বলে ২৯ এবং চারে নেমে অধিনায়ক নারুয়েমল চাইওয়াই করেন ২৮ বলে ৩০ রান। পেসার মারুফা আক্তার নেন ২৫ রানে ৩ উকেট। এছাড়া ব্যাট হাতে ৬ বলে ১৫ রান করা রিতু মনি নেন ২০ রানে ২টি। স্বর্ণা আক্তারও দুই উইকেট নেন। এবারের বাছাইপর্বে এটি বাংলাদেশের টানা পঞ্চম জয়।
আজ দুপুরে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের মেয়েরা। ওই ম্যাচে নেদারল্যান্ডস জিতলে আজই নিগার সুলতানাদের বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়ে যাবে। আর এই ম্যাচে যুক্তরাষ্ট্র জিতলেও খুব সমস্যা হবে না বাংলাদেশের। বাছাইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলে অথবা যেকোনো একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে।
মাস্তান্তুয়োনো আমার চেয়েও প্রতিভাবান ফুটবলার: ডি মারিয়া
'বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে বিসিসিআইয়ের ইগোতে লাগত'- ভারতীয় সাংবাদিক