চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রামের বাড়ি সাতকানিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন মো. আবুল কালাম (৬৪) নামে এক ব্যক্তি। নিখোঁজের ১২ দিন পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পুলিশ।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডবলমুরিং থানাধীন মোগলটুলী বাজার এলাকার বাসা থেকে সাতকানিয়ার খাগরিয়ার মুন্সী বাড়ির উদ্দেশ্যে রওনা হন আবুল কালাম। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল নম্বরটি (০১৮২০১০৭০৫০) বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি উচ্চ ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এই ঘটনায় গত ২০ জানুয়ারি ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের মেয়ে পারভিন সুলতানা।
জিডির তদন্তকারী কর্মকর্তা (আইও) ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বরটির সিডিআর বিশ্লেষণ করে দেখা গেছে গত ১৩ জানুয়ারির পর সেখানে আর কোনো তথ্য নেই। ছবি ও তথ্য দিয়ে অন্য থানাগুলোকে অবহিত করা হয়েছে এবং তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।
নিখোঁজ ব্যক্তির স্বজনরা জানান, বর্তমানে তার কোনো হদিস না পেয়ে পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৮৪৮-৪৬৯২৬৩ অথবা ০১৮৬৭-৪১৫৫৬৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
