বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে অব্যাহতি পাওয়া সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় মুয়াজ্জিনকে অব্যাহতি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হলে দলটির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
এরই ধারাবাহিকতায় তারেক রহমানের নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় আজ বৃহস্পতিবার নওগাঁয় সেই চাকুরিচ্যুত মুয়াজ্জিন আল আমীন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন)। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং আগামী দুই মাসের অগ্রিম বেতনসহ আগামীতেও তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাহাদত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রওনক ইসলাম রওনকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
