ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ও এক ব্যবসায়ীকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় সরাসরি হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর পরেই ইরানের ওপর চাপ আরও বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার (৩০ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং তেহরানের অর্থপাচারে সহায়তাকারী এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

শুক্রবার ঘোষিত আর্থিক নিষেধাজ্ঞার আওতায় আরও পাঁচজন ইরানি নিরাপত্তা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব কর্মকর্তা ইরানি জনগণের বিরুদ্ধে সহিংস দমন-পীড়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

এছাড়া ইরানি বিনিয়োগকারী বাবাক জানজানি এবং যুক্তরাজ্যে নিবন্ধিত দুটি ডিজিটাল সম্পদ বিনিময় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন ট্রেজারির দাবি, এসব প্ল্যাটফর্ম ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেন প্রক্রিয়াকরণে যুক্ত ছিল।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চলতি মাসে ইরানে সংঘটিত ভয়াবহ নিরাপত্তা অভিযানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মোমেনি দায়ী। তার তত্ত্বাবধানে থাকা আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালায়, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের দাবি।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞা এড়াতে এবং সাইবার অপরাধে অর্থায়নের জন্য ডিজিটাল সম্পদ ব্যবহারকারী ইরানি ক্ষমতাধর গোষ্ঠী ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযান অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, ডুবতে থাকা জাহাজের ইঁদুরের মতো এই শাসকগোষ্ঠী ইরানি জনগণের কাছ থেকে লুট করা অর্থ বিশ্বের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাচার করতে মরিয়া হয়ে উঠেছে। নিশ্চিন্ত থাকুন, ট্রেজারি বিভাগ যথাযথ ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত