আমি ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিলাম: রাফিনহা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

ব্যালন ডি’অর না পাওয়ার আক্ষেপ এখনও আছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহার। তিনি মনে করছেন, গত মৌসুমে তার পারফরম্যান্স ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট ছিল। ব্যক্তিগত স্বীকৃতি না পেলেও নিজের পারফরম্যান্স নিয়ে তিনি আত্মবিশ্বাসী এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন।

রাফিনহার জন্য গত মৌসুমটি ছিল বিশেষ কিছু। বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দলীয় সাফল্যে বড় ভূমিকা রেখেছেন তিনি। ব্যক্তিগত অর্জনও ছিল দুর্দান্ত। মাঠে তার ধারাবাহিকতা ও প্রভাব অনেক বিশ্লেষকের কাছেই প্রশংসিত হলেও ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে প্রত্যাশিত স্বীকৃতি মেলেনি। রাফিনহার মতে, কোনো ফুটবলারের মূল্যায়ন কেবল একটি টুর্নামেন্ট বা কয়েকটি মুহূর্ত দিয়ে করা যায় না; ধারাবাহিকতা, শিরোপা জয় এবং মাঠে প্রকৃত প্রভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্পোর্টস ওয়েবসাইট সোফাস্কোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি হতাশ হয়েছিলাম, কারণ আশা করেছিলাম অন্তত শীর্ষ তিনে থাকব। আমার মতে, ব্যক্তিগত পুরস্কার একটি মাত্র টুর্নামেন্টের ওপর নির্ভর করা উচিত নয়। মৌসুমজুড়ে আমি যা করেছি, যে শিরোপা জিতেছি, যে পরিসংখ্যান অর্জন করেছি এবং মাঠে যে অবদান রেখেছি—সব মিলিয়ে আমি প্রথম হওয়ার যোগ্য ছিলাম।’

তবে গত মৌসুমে নিজের পারফর্মেন্স নিয়ে তিনি সন্তুষ্ট, ‘আমি আমার মৌসুম নিয়ে খুশি ও সন্তুষ্ট। একটি ব্যক্তিগত পুরস্কার গত মৌসুমে আমার করা কাজ মুছে দিতে পারে না। আমি বুঝেছি, এই পুরস্কারের সঙ্গে এমন অনেক বিষয় জড়িত, যা আমার নিয়ন্ত্রণের বাইরে এবং অনেক কিছু স্পষ্টভাবে নির্ধারণ করা কঠিন। যেহেতু পুরস্কারটি একটি নির্দিষ্ট প্রতিযোগিতার ওপর বেশি গুরুত্ব দেয়, তাই দেম্বেলে ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিল। বিশেষ করে, সে একটি অসাধারণ মৌসুম কাটিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত