টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে নিয়ে আইসল্যান্ডের ব্যঙ্গাত্মক পোস্ট

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ব্যঙ্গ করে একের পর এক পোস্ট করছে আইসল্যান্ড ক্রিকেট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব পোস্টে তীব্র বিদ্রূপ ও রসাত্মক মন্তব্যে আলোচনার জন্ম দিয়েছে সংস্থাটি। তারা বলছে, পাকিস্তান যদি এখনই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবুও তাদের পক্ষে সেই জায়গা নেওয়া সম্ভব নয়। কারণ, এত কম সময়ের মধ্যে দল প্রস্তুত করা অসম্ভব।

একটি ব্যঙ্গাত্মক পোস্টে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জায়গায় আমরা অংশ নিতে পারছি না। তারা সরে দাঁড়ালেও সময়ের স্বল্পতায় আমাদের দলের পক্ষে পেশাদারভাবে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। আমরা স্কটল্যান্ডের মতো নই, যারা হঠাৎ করেই কোনো প্রস্তুতি ছাড়াই মাঠে নেমে পড়ে—তাদের তো আবার কিট স্পনসরও নেই।’

পোস্টে আরও বলা হয়, আইসল্যান্ডের ক্রিকেটাররা সবাই বিভিন্ন পেশায় যুক্ত, ‘আমাদের খেলোয়াড়রা জীবনের নানা পেশার মানুষ। তারা হঠাৎ করে কাজ ছেড়ে পৃথিবীর অর্ধেক পথ পাড়ি দিয়ে এমন তাপমাত্রায় খেলতে যেতে পারে না, যা সাধারণত ফিনিশ সাউনায় অনুভূত হয়। আমাদের অধিনায়ক একজন পেশাদার বেকার—তাকে চুলার দায়িত্ব সামলাতে হয়। আমাদের জাহাজের ক্যাপ্টেনকে জাহাজ চালাতে হয়। আর আমাদের ব্যাংকারদের আবার দেউলিয়া হতে হয়।’

আইসল্যান্ড ক্রিকেট আরও দাবি করে, এই সিদ্ধান্তে তাদের সমর্থকরা হতাশ হবে, ‘আমরা বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলেও অনলাইনে আমাদের বিশাল অনুসারী রয়েছে। আমরা একসময় ডাচদের সবচেয়ে বড় ধাক্কা দিতে প্রস্তুত ছিলাম—১৬৯৩ সালে উইলিয়াম অব অরেঞ্জের পরাজয়ের পর থেকে যা তারা আর দেখেনি। আর আমেরিকানরা গ্রিনল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ছিল—অবশ্য তাদের কমলা রঙে রাঙানো নেতা যেমনটা ভেবেছিলেন।’

এখানে ইঙ্গিতপূর্ণভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করা হয়েছে। পোস্টে উগান্ডার কথাও উল্লেখ করা হয়। আইসল্যান্ড ক্রিকেটের মতে, পাকিস্তান যদি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে সেই সুযোগ উগান্ডার জন্য লাভজনক হতে পারে, ‘আমাদের ক্ষতি হয়তো উগান্ডার জন্য লাভজনক হবে। তাদের কিট এমন যে, মৃগীরোগ না থাকলে তা চোখ এড়ানো অসম্ভব।’

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান দল ইতিমধ্যে সফরের প্রস্তুতি নিয়েছে এবং অস্ট্রেলিয়া দলের সঙ্গে কলম্বোর উদ্দেশে যাত্রা করার পরিকল্পনাও করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত