গুমকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে একে ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, গুমের ক্ষেত্রে পরিবারকে এমন এক অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়, যা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক।
আজ রবিবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: একটি পর্যালোচনা’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, ‘মৃত্যুর ক্ষেত্রে পরিবারের সদস্যরা শোক প্রকাশ করতে পারেন, দাফন-কাফনের মতো সামাজিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন। কিন্তু গুমের ঘটনায় পরিবার জানতেই পারে না তাদের প্রিয়জন কোথায় আছে, আদৌ বেঁচে আছে কি না।’ এই অনিশ্চয়তাই গুমকে আরও ভয়াবহ করে তোলে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবার দীর্ঘদিন ধরে আশা ও হতাশার মাঝামাঝি এক স্থগিত অবস্থায় জীবনযাপন করে। এ সময় তারা সামাজিক কলঙ্ক, আর্থিক সংকট এবং অনেক ক্ষেত্রে একঘরে হয়ে পড়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়।
সিম্পোজিয়ামে আরও বক্তব্য দেন গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সাবেক সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, সাজ্জাদ হোসেন ও নূর খান লিটন। এ ছাড়া মানবাধিকার সংগঠন অধিকার-এর পরিচালক তাসকিন ফাহমিনা, বিলিয়ার সেক্রেটারি ড. মুহাম্মদ একরামুল হক এবং বিলিয়ার পরিচালক রাষ্ট্রদূত এম. মারুফ জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
