‘আমি গুম হওয়ার আশঙ্কা করছি’

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৭ এএম

গুম হওয়ার আশঙ্কা প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বুধবার (৩ জানুয়ারি) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাস তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

ফেসবুকে স্ট্যাটাসে মো. রাশেদ খান লেখেন, ‘গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও সাত রাস্তার মোড় পার হয়ে ফ্লাইওভারের সামনের জ্যামে আমি লক্ষ্য করি, একটা টয়োটা হায়েস গাড়ি আমাকে ফলো করছে। পরে ছোট ভাইকে বলি, যেকোনোভাবে বাইক বের করে সামনে যাও। যখন বাইকে নিয়ে চলে আসতে যাই, তখন হায়েস থেকে টার্গেট লাইট মেরে বাইক থামতে বলা হয়। আল্লাহর অশেষ রহমতে সেখান থেকে রক্ষা পাই।’

ফেসবুকে তিনি আরও লেখেন, ‘আজকে বুধবার সকালে জাহাঙ্গীর গেটের একটু পর থেকে দুটি বাইক আমাকে ফলো করে। বিষয়টি বুঝতে পারার কারণে আল্লাহর অশেষ রহমতে সেখান থেকেও রক্ষা পাই। কিন্তু এভাবে কতবার রক্ষা পাবো?’

ওই স্ট্যাটাসে তিনি লেখেন, রাজনীতি করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মেনে আমাকে গ্রেপ্তার করলে তাতে আপত্তি নেই। কিন্তু কারা এভাবে ফলো করছে? তারা কি আমাকে গুম করে চায়? ইতোপূর্বে অসংখ্য মানুষকে এভাবে তুলে নিয়ে গুম করা হয়েছে। এগুলো কারা করে সেটি খতিয়ে দেখা রাষ্ট্রের দায়িত্ব। যাইহোক বিষয়টি জানার পর আমার মা-বাবা, স্ত্রী ব্যাপকভাবে টেনশন করছে। মা তো ঢাকায় আসার জন্য পাগলপ্রায়। আমি আসতে না করেছি। ২৯ তারিখ থেকে সারাক্ষণ আমার গর্ভবতী সহধর্মিণী আমাকে নিয়ে চিন্তিত। আমার দুই মেয়ের পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে আরেক পুত্র সন্তান পৃথিবীর আলোর মুখ দেখবে। বাসায় ফেরার পর আমার স্ত্রী আমাকে বলে, কথাটা শুনার পর তার মনে হলো, তার শরীর শীতল হয়ে পেট থেকে সন্তান পড়ে যাচ্ছে....

তিনি আরও বলেন, একজন সচেতন ও মৌলিক অধিকার সুরক্ষিত নাগরিক হিসেবে, আমি এই রাষ্ট্রের কাছে নিরাপত্তা এবং কারা আমাকে ফলো করছে তার সুষ্ঠু তদন্ত দাবি করছি। ঢাকার রাস্তায় সব জায়গায় সিসি ক্যামেরা আছে। সুতরাং রাষ্ট্রের পক্ষে এটি বের করা কঠিন কোনো বিষয় না যে, কারা আমাকে ফলো করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত