আমার কি বাঁচার অধিকার নেই, প্রশ্ন ডিবিপ্রধান হারুনের

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৪০ পিএম

রাস্তায় নেমে যারা বলছে যে পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, আসলে তারাই মানবাধিকারের সকল আর্টিকেল লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে, বিএনপির এমন অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে এমন মন্তব্য করেন।

ডিবিপ্রধান বলেন, ‘আমরা তো আর রাস্তায় দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে পারি না। যারা তথাকথিত মানবন্ধন করছে তারা অনেক কিছুই বলতে পারে, এটা ঠিক না। জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিটি মানুষের বাঁচার অধিকার ও আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করা হয়েছে। আমি পুলিশ, কিন্তু আগে তো আমি একজন মানুষ। আমারও তো জাতিসংঘের সনদ অনুযায়ী অধিকার আছে। আমার কি বাঁচার অধিকার নেই?”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো মানবাধিকার বিষয়ে এতো কিছু জানার পরও তারা প্রতিমূহুর্তে তথাকথিত রাজনীতির নামে মানবাধিকার লঙ্ঘন করছেন। যে পুলিশ জনগণের জানমাল রক্ষায় রাস্তায় দাঁড়িয়ে কাজ করে। সেই পুলিশের উপরই হামলা চালিয়ে ২৮ অক্টোবর তাদের এক পুলিশ ভাইকে হত্যা করেছে। অনেকেই পুলিশকে লাঠি দিয়ে পিটিয়ে রক্ত ঝড়িয়েছেন, যা ভিডিও ফুটেজেও দেখা যাচ্ছে। পুলিশ হাসপাতাল ও সেখানে থাকা অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে।=

পুলিশের এই কর্মকর্তা বলেন, এর আগেও ২০১৪ সালে পুলিশ সদস্যকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এটা কি মানবাধিকার লঙ্ঘন না? তাহলে আমরা কার কাছে বিচার চাইব? আমি মনে করি, একটি দল বা গোষ্ঠী যারা এসব কাজ করেছেন তারাই জাতিসংঘের সকল আর্টিকেল প্রতিদিন, প্রতিমূহুর্তে লঙ্ঘন করছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত