আওয়ামী লীগের পুনর্বাসন বিএনপির জন্য বিপদজনক: আসিফ মাহমুদ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তা দল ও দেশ উভয়ের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। তিনি বিএনপি নেতৃত্বকে অতীতের ‘ভুল সিদ্ধান্ত’ থেকে শিক্ষা নেয়ারও পরামর্শ দেন।

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, অতীতে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার যে ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার খেসারত দীর্ঘদিন ধরে দেশের মানুষ দিচ্ছে। আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। সেই দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা মানে ফ্যাসিবাদী শক্তিকে নতুন করে সুযোগ দেয়া।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।

এনসিপির এই মুখপাত্র রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

জামায়াতে ইসলামীর বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের জেলা আমির আব্দুল হক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত