বাসাভাড়া চাওয়ায় সন্তানের সামনে বাড়িওয়ালিকে কুপিয়ে জখম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

নারায়ণগঞ্জের আদমজি এলাকায় বাসা ভাড়ার টাকা চাওয়ায় শিশু সন্তানদের সামনেই বাড়িওয়ালিকে কুপিয়ে আহত করেছে ভাড়াটিয়া। মারিয়া আক্তার (৩২) নামে ওই গৃহবধুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজি ধনকুন্ডা উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মারিয়া আক্তারের স্বামী গাড়ি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আদমজি ধনকুন্ডা উত্তরপাড়ায় তাদের নিজেদের ৩ তলা বাড়ি। বাড়িটির ২য় তলায় স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে থাকেন। বাকি সব ফ্ল্যাটে ভাড়াটিয়ারা থাকেন। এক ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকত মো. রিয়াজ (৪৫) নামে এক ভাড়াটিয়া। মাসিক ৮ হাজার টাকায় একটানা প্রায় দেড় বছর তাদের বাড়িতে ভাড়া ছিল রিয়াজের পরিবার। তবে ঠিকমত ভাড়া না দেওয়ায় বছর খানেক আগে তাদের বাসা ছেড়ে দিতে বললে তখন তারা বাসা থেকে চলে যায়। কিন্তু বকেয়া বাসা ভাড়ার ৫০ হাজার টাকা পরিশোধ করে যায়নি। এরপরে ফোন করে সেই টাকা চাইলে নানান তালবাহানা করতেন তিনি। সর্বশেষ মাস খানেক আগে মারিয়া ওই ভাড়াটিয়াকে ফোন করে টাকা দিয়ে যেতে বলেন।

তিনি জানান, আজ শনিবার দুপুরের খাবার খেয়ে স্বামী সাইফুল বাইরে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর বাসায় আসে ওই ঘাতক। মারিয়ার সাথে বাসায় ভিতর কিছুক্ষণ কথা বলার পর তার সাথে থাকা ব্যাগ থেকে ধারালো চাপাতি বের করে সন্তানদের সামনেই এলোপাতারি কুপাতে থাকে বাড়িওয়ালীকে। ধারালো অস্ত্রের সেই আঘাত হাত দিয়ে ঠেকাতে গিয়ে দুই হাতেই অসংখ্য যখম হয় তার। কুপানোর পর দৌড়ে ঘাতক বাসার পিছন দিকের রাস্তা দিয়ে পালিয়ে যায়। পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্যও ধরা পড়েছে।

তাকে উদ্ধার করে হাসপতালে নিয়ে আসা আরেক ভাড়াটিয়া ইমান আলী জানান, আহত মারিয়ার চিৎকার শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন বাড়িওয়ালী। তখন ওড়না, গামছা দিয়ে তার দুই হাতের ক্ষতস্থানে পেচিয়ে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা গুরুতর দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মারিয়ার দুই হাতে বেশ কয়েকটি কুপের জখম রয়েছে। কুপের কারণে হাতের মাংশ ঝুলে গেছে। বাম হাতের বৃদ্ধাঙ্গুলি প্রায় বিচ্ছিন্ন। ধারালো অস্ত্রের আঘাত ঠেকাতে গিয়ে তার এই জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তার হাতের অস্ত্রোপচার চলছে।

এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাড়িওয়ালা সাইফুল ইসলাম মামলা দায়ের করবেন বলে জানান। সেই সাথে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত