খাগড়াছড়িতে ‘বিদ্রোহী’ সমীরণকে বহিষ্কার করল বিএনপি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে। 

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সমীরণ দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উক্ত আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

বিজ্ঞপ্তিতে দলীয় অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সমীরণ দেওয়ান খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে পরাজিত হন। তখন যতীন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৭৫০ ভোট পান, যেখানে সমীরণ দেওয়ান পান ৬৩ হাজার ৪৮ ভোট। দলীয় সূত্রমতে, ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের পর সমীরণ দেওয়ানকে খাগড়াছড়ির রাজনীতিতে তেমন সক্রিয় দেখা যায়নি বলে নেতা-কর্মীদের মধ্যে অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত