রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হকের সমর্থনে নারী নির্বাচনী মিছিল হয়েছে। ঢাকা-১৩ আসনে ‘রিকশা’ প্রতীকের প্রার্থী মামুনুল হকের বিজয় নিশ্চিত করতে রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ২টায় লালমাটিয়া থেকে শুরু হওয়া মিছিলটি মোহাম্মদপুরের আল্লাহ করিম ও শিয়া মসজিদ মোড় ঘুরে পুনরায় লালমাটিয়ায় গিয়ে শেষ হয়।
জানা যায়, মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের নেত্রী আনিকা তাহসিন। মিছিলে অংশগ্রহণকারী নারী নেতাকর্মীরা হাতে রিকশা মার্কার প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ‘মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ’ এবং ‘নিরাপদ জীবন’ এর দাবিতে স্লোগান দেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারীরা মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় টেকসই পরিবর্তন ও নিরাপদ সমাজ গড়তে মামুনুল হকের বিজয় চান।
প্রসঙ্গত, ঢাকা-১৩ আসনে মামুনুল হককে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসাইন ও এনসিপির প্রার্থী আকরাম হোসাইন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মামুনুল হকের নির্বাচনী প্রচার দলের গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মাদ জাহিদুজ্জামান জানান, রবিবারের মিছিলে এনসিপির নারী নেতাকর্মীরাই প্রধানত অংশ নেন। তবে খেলাফত মজলিসের নারীকর্মীরা উপস্থিত থাকলেও মিছিলে অংশ নেননি।
তিনি বলেন, মামুনুল হকের প্রতি নারীদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ঢাকা-১৩ আসনের নির্বাচনী লড়াইয়ে নারী ভোটারদের এই জাগরণ রিকশা প্রতীকের অবস্থানকে শক্তিশালী করবে বলে স্থানীয়দের মত।
