ভারতকে হারিয়ে সাফের ফাইনালে এক পা আলপিদের

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল মোটামুটি নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার দুপুরে নেপালের পোখারা স্টেডিয়ামে তারা ভারতকে হারিয়েছে ২-০ ব্যবধানে। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন পিটার বাটলারের দল। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। যারা কিছুক্ষণ বাদেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে প্রথম জয়ের লক্ষ্যে।

নেপালকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সোমবার বাংলাদেশের মোকাবেলা করেছিল ভারত। শুরু থেকে তাদেরকে দেখা গেছে গোঁছানো ফুটবল খেলতে। সে তুলনায় ভুটানকে ১২-০ গোলে হারানো বাংলাদেশ কিছুটা ছিল অগোছালো। পোখারার স্টেডিয়ামে খটখটে উচু-নিচু মাঠে স্বাভাবিক ফুটবলটাই যেন খেলতে পারছিলেন অর্পিতারা। তবে ধারার বিপরীতে গোল করার পরেই পাল্টে যায় দৃশ্যপট। প্রথমার্ধের ২৯ মিনিটে বক্সের ডান দিক থেকে মামনি চাকমার বাঁ পায়ের ফ্রি-কিক ভারত কিপার মুন্নির গ্লাভস ফসকে পোস্টে প্রবেশের আগ মুহূর্তে অর্পিতা বিশ্বাস আলতো টোকায় গোলের আনুষ্ঠানিকতা সাড়েন। এই গোল হজমের পরেই ভারতের সকল মনযোগ নড়ে যায়। তারা পরের কয়েক ভীষণ নড়বড়ে মনে হয়েছে তাদের। ৩৭ মিনিটে দুটি পরিবর্তন করেন বাটলার। প্রথম গোলের রচয়িতা মামনিকে উঠিয়ে নামান শান্তি মার্ডিকে। আর ক্রানুচিং মারমার জায়গায় আসেন বন্যা খাতুন। মার্ডি মাঠে আসায় আক্রমণের গতি বাড়ে বাংলাদেশ। ৪০ মিনিটে ডান দিক দিয়ে নিজেই আক্রমণে উঠেছিলেন তৃষ্ণারানী। অনেকটা এগিয়ে গিয়ে গোলমুখে মাপা ক্রস ফেলেন তিনি। তাতে ডান পায়ের নিঁখুত প্লেসিংয়ে ভারত কিপারকে বোকা বানান আলপি আক্তার। অসধারণ গোলের পরের মিনিটেই ব্যবধান আরও বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিলেন আলপি। মাঝমাঠ থেকে পূজা দাসের লম্বা বল প্রথমে আয়ত্বে নিয়ে গোলমুখ থেকে ঠিকঠাক পোস্টে বলটা রাখতে পারেননি এই তরুণ ফরোয়ার্ড।

২-০ লিড নিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে। পাশাপাশি বল নিয়ন্ত্রণেও তাদের মনযোগ ছিল। সব মিলিয়ে ভীষণ পরিণত ফুটবল খেলে হয়তো তারা আর গোল পায়নি, তবে ভারতকে সেভাবে গোলের কোন সুযোগ গড়তে দেয়নি। বাংলাদেশ কিপার ইয়ারজান বেগমও পুরো ম্যাচেই দৃঢ়তা দেখিয়ে গেছেন বলেই ভারতের দু-একটা সুযোগ ব্যর্থ হয়েছে। ৪ ফেব্রুয়ারি স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশ নামবে লিগের শেষ ম্যাচ খেলতে।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত